প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:২৫ পিএম

সংগৃহীত ছবি
মার্কিন বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে শান্তি আলোচনার অনিশ্চয়তা দামকে আরও স্থিতিশীল রাখতে পারে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৭ দশমিক ১১ ডলার। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম উঠেছে ৬৩ ডলারে। আগের সেশনেও দুটি সূচকেই দামে ১ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গিয়েছিল।
মার্কিন জ্বালানি তথ্য দপ্তরের হিসাবে, গত সপ্তাহে দেশটিতে তেলের মজুত কমেছে প্রায় ৬ মিলিয়ন ব্যারেল। গ্যাসোলিনের মজুতও প্রত্যাশার চেয়ে অনেক বেশি হ্রাস পেয়েছে। একই সঙ্গে জেট ফুয়েলের ব্যবহার ২০১৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভেতরেই চাহিদা বাড়ায় দাম উর্ধ্বমুখী। তবে ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তি হলে বাজার আবারও স্বাভাবিক হয়ে দাম কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে রাশিয়ার তেলের ওপর। যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির ওপর অতিরিক্ত শুল্ক বসাচ্ছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও নায়ারা এনার্জিসহ ভারতীয় কয়েকটি রিফাইনারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও ভারতীয় কোম্পানিগুলো আবারও রাশিয়া থেকে তেল আমদানি শুরু করেছে।
সূত্র: রয়টার্স