প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৫৭ পিএম

সংগৃহীত ছবি
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে ৪১,৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল এক লাখ ৪২টি, যার ফলে ৫৮,৪১৫টি পদ শূন্য থেকে গেছে।
এনটিআরসিএর প্রকাশিত সংবাদ অনুযায়ী, শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মেধাবী ও যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করা হয়েছে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ও নির্দিষ্ট বিষয়ের উপযুক্ত প্রার্থীদের তথ্য ডিজিটালি যাচাই-বাছাই করে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, এই ডিজিটাল প্রক্রিয়া শিক্ষক নিয়োগকে আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শক্তিশালী করবে।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল এক লাখ ৮২২টি। পরে ৭৮০টি পদের চাহিদা বাতিল হওয়ায় শূন্য পদ দাঁড়ায় এক লাখ ৪২টি। এই পদে আবেদন করেছিলেন ৫৭,৮৪০ জন প্রার্থী। তাদের মধ্যে ৪১,৬২৭ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে।
যোগ্য প্রার্থী না পাওয়ায় ৫৮,৪১৫টি পদ শূন্য থাকলেও এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ভবিষ্যতে পববর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই শূন্য পদগুলো পূরণ করা হবে।
তিনি বলেন, “সর্বোচ্চ সংখ্যক শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে আমরা চেষ্টা করেছি। অনেকে নির্ধারিত পদ, বিষয় বা প্রতিষ্ঠানের বাইরে আবেদন করেছেন, আবার কেউ পছন্দক্রমে যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানে আসন ফাঁকা না থাকায় বাদ পড়েছেন।”