প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:০১ AM

সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়ায় মাদক মামলায় দুই বছরের সাজা ঘোষণার পর আদালতের ভেতরেই প্রাণ হারালেন এক আসামি।
গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
নিহত আলী আজগর উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানা যায়, ২০২১ সালের একটি মাদক মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ আজগরকে দুই বছরের কারাদণ্ড দেন। রায় শোনার পরপরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, “রায় ঘোষণার পরপরই আজগর মাথা ঘুরে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলেও তিনি মারা যান।”
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।