প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:৪৪ পিএম

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার খবরের সঙ্গে সঙ্গে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনে প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ নিয়মিত থাকলে দাম আরও কমতে পারে।
রবিবার (১৭ আগস্ট) তিনটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ১৪৯ মেট্রিক টন পেঁয়াজ আসে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া ১৪টি ট্রাক ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭টি ট্রাকে ৭৭৯ টন পেঁয়াজ দেশে ঢুকেছে।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। তারা আশা করছেন, আমদানির গতি অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং দাম আরও কমবে।
এক ক্রেতা মাসুম হোসেন বলেন, “দুই দিন আগে কেজিতে পেঁয়াজের দাম ছিল ৭৫ টাকা, আজ তা ৬৫ টাকায় এসেছে। দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হবে।”
পেঁয়াজ বিক্রেতা আবু তাহের জানান, “ভারত থেকে আমদানি খবরে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম ৭৫-৮০ টাকা থেকে কমে ৬৫ টাকায় এসেছে। আমদানি বৃদ্ধি পেলে দাম আরও কমবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ