প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:০০ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাঁজা সেবনরত অবস্থায় আটককৃত প্রথম বর্ষের চার শিক্ষার্থীকে ছাড়াতে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নতুন কমিটির সদস্যসচিব মো. মাহদীজ্জামান জ্যোতির বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রদল নেতা জ্যোতি ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে শেখ মুজিবুর রহমান হলের পুরাতন ভবনের ১০৩ নম্বর কক্ষে ওই চার শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় আটক করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অন্যান্য আবাসিক শিক্ষকরা।
আটককৃতরা হলেন- বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের আরিফ ফয়সাল, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মো. সোহেল রানা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. রুহুল আমিন এবং ছাপচিত্র বিভাগের ইয়ালিদ বিন সাদ। তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, আটককৃতদের মধ্যে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরিফ ফয়সাল ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তবে তিনি নিজের মুচলেকায় যোগাযোগ বৈকল্য বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তার ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটেও ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ মেলে।
অভিযোগ উঠেছে, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মাহদীজ্জামান জ্যোতি ওই শিক্ষার্থীকে ছাড়াতে প্রক্টর অফিসে যান। সে সময় মুখে মাস্ক পরা অবস্থায় তিনি সহকারী প্রক্টরের কক্ষে প্রায় ১০ মিনিট অবস্থান করেন।
এ বিষয়ে জানতে চাইলে জ্যোতি বলেন, “আমি সেন্ট্রাল লাইব্রেরি থেকে হলের দিকে যাচ্ছিলাম। পথে প্রক্টর অফিসের সামনে কিছু পরিচিত ছোট ভাইকে দেখে তাদের সঙ্গে দেখা করতে যাই এবং প্রক্টর অফিসে ঢুকে দেখি কাদের আটক করা হয়েছে। এরপর সেখান থেকে চলে আসি। প্রশাসনের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। প্রশাসন চাইলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারে—আমি কতক্ষণ ছিলাম, দেখা যাবে।”
মুখে মাস্ক পরার বিষয়ে তিনি বলেন, “আমি গত কয়েক দিন ধরে অসুস্থ, তাই তখন মাস্ক পরা ছিল।”
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, “এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্তদের সঙ্গে ওপেন আলোচনা হয়েছে। কেউ দলীয় পরিচয়ে সুপারিশ করতে আসেনি এবং কারো সঙ্গে আলাদাভাবে কোনো আলোচনা হয়নি। যেহেতু তারা প্রথম বর্ষের শিক্ষার্থী, তাই মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তাদের নজরে রাখব।”
স্বদেশ প্রতিদিন/এমএম