প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:২৭ AM

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আবাসিক মাদরাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লেবুডাঙ্গা গ্রামের মো. তারিকুলের মেয়ে মোসা তানিয়া (১২) এবং বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা জামিলা (১০)।
মাদরাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর ছাত্রীরা ঘুমিয়ে পড়েছিল। রাত দেড়টার দিকে আবাসিক হলকক্ষে একত্রে ঘুমানো ১৩ ছাত্রীর মধ্যে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ বোধ করে বমি করতে শুরু করে।
বিষয়টি টের পেয়ে মাদরাসার একমাত্র শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের এবং পরিবারের কাছে খবর দেন।
রাত ৩টার দিকে দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর তানিয়াও মারা যায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, শিশুদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ এমএএম