প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:৫১ AM আপডেট: ১৬.০৮.২০২৫ ১১:০৮ এএম

নীলা মার্কেট
এই ধুলোবালি ঢাকা শহরের বুকে মনোরম পরিবেশ খুঁজে পাওয়া ভার। যা আছে সেগুলো অশ্লীলতা ও কোলাহলপূর্ণ নতুবা ঘুরে বেড়ানোর অনুপযুক্ত।
ফলে যান্ত্রিক শহরের ঢাকার আশেপাশে নিরিবিলি পরিবেশ খুঁজেন একটু সুন্দর সময় কাটানোর জন্য। আর এমনই একটি গ্রামীণ পরিবেশ রূপগঞ্জের নীলা মার্কেট। ঢাকা রূপগঞ্জ সড়কের ৩০০ ফিট এলাকায় পূর্বাচল স্টেডিয়ামের পাশেই নদীর তীর ঘেষে এই নীলা মার্কেটের অবস্থান।
নিরিবিলি ও মনোরম পরিবেশ হওয়ায় শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ। নীলা মার্কেটটি আসলে কোন স্থায়ী স্থাপনা নয়। অনেকগুলো ছাউনি দেওয়া দোকানের সমন্বয়ে গঠিত এই মার্কেট।
নদীর তীর ঘেষে এই মার্কেটটি স্থাপন হওয়ায় এখানে নদী থেকে আহরণ করা দেশীয় তাজা মাছ পাওয়া যায়। আর এই তাজা মাছের বার্বিকিউ খেতে ছুটে আসেন মানুষ। এছাড়াও বিভিন্ন রকমের মুখরোচক খাবারের দোকান।
নীলা মার্কেটের সবচেয়ে জনপ্রিয় খাবার হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে চাপটি ও চিতই পিঠার জন্য ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন স্থানের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে নীলা মার্কেট।
মার্কেট ঘুরে দেখা যায়, নারীরা মাটির চুলায় হাঁসের মাংস রান্না করছেন, আবার কেউ চিতই ও চাপটি বানাচ্ছেন।
নীলা মার্কেটে প্রতি প্লেট হাঁসের মাংস বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এক প্লেটে চার থেকে পাঁচ টুকরো হাঁসের মাংস থাকে।
এছাড়াও নীলা মার্কেটে আরেকটি জনপ্রিয় খাবার মিষ্টি। স্পঞ্জ মিষ্টি, জিলাপি বালিশ মিষ্টি, সন্দেশ ও দই জনপ্রিয়।
নীলা মার্কেটে শুধু এসব খাবার জন্য নয় পাশাপাশি অনেকে আসেন মার্কেট ঘেঁষে বয়ে যাওয়া তুরাগ নদীতে নৌকা ভ্রমণের জন্য ছুটে আসেন। বড় নৌকায় জন প্রতি ১০০ ও ছোট নৌকা ৫০ টাকা করে নদী ভ্রমণ করেতে পারেন।
কীভাবে যাবেন?
ঢাকার যেকোন প্রান্ত থেকে প্রথমে কুড়িল বিশ্বরোডে আসবেন। এরপর কুড়িল বিশ্বরোড থেকে বিআরটিসি বাস, সিএনজি কিংবা অটোরিকশা করে নীলা মার্কেটে যাওয়া যাবে। বিআরটিসি বাসে ভাড়া পড়বে ৩০-৪০ টাকা। আর সিএনজিতে আসলে ভাড়া ১০০ করে জন প্রতি।অটোরিকশা জনপ্রতি ৩০ টাকা করে।
এছাড়া আপনার বাইক দিয়েও ঘুরে আসতে পারেন নীলা মার্কেট।
স্বদেশ প্রতিদিন/ এমএএম