প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৫৯ AM

সংগৃহীত ছবি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশ করে বলেছেন, “ছোট ছোট কিছু দল গঠিত হয়েছে, এটা ভালো। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু দুই মাস পূর্ণ হওয়ার আগেই নতুন দলগুলো থেকে একে একে লোকজন পদত্যাগ করছে। তাই অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দল গোছান।”
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির উদ্যোগে খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। তাই সংস্কারের প্রয়োজন, আর সেই সংস্কার বিএনপির হাত ধরেই হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, যাকে ইচ্ছে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে রাজপথে নেমে আসতে হয়েছে, বুক পেতে দিতে হয়েছে গুলির সামনে, রাজপথে ঝরেছে রক্ত। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যার প্রতীক্ষায় আছে ১৮ কোটি মানুষ।
তিনি আরও বলেন, চাঁদাবাজ ও দখলবাজদের বিএনপিতে কোনো স্থান নেই। “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো আয়নাঘর থাকবে না, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং ধর্ম, বর্ণ, গোত্র বা জাত নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে।”
যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এনআর