প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে মো. আইমানের (৭) লাশ উদ্ধার করা হয়। আইমান আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে। আইমান স্থানীয় আড়কান্দি কিন্ডারগার্টেন স্কুলের প্লে ক্লাসের শিক্ষার্থী ছিল ।
জানা গেছে, গতকাল স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয়েছিল আইমান। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি শিশুটির। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরের কিনারায় ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে।
মৃত শিশুর স্বজনেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে আইমানের স্কুল ছুটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে সে বের হয়। এর পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ভেড়ামারা থানায় একটি জিডিও করা হয়েছিল। আজ সকালে বাড়ির পাশের পুকুরে কিনারা থেকে একটু দূরে স্থানীয়রা মানুষের পায়ের আঙুল দেখতে পায়। তারা আইমানের পরিবারকে খবর দেয়। এরপর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুকুরের কিনারায় আইমানের সাইকেলটিও পাওয়া গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার বলেন, “পরিবারটি থানায় জিডি করেছিল। বাচ্চাটির লাশ আজ সকালে পুকুর থেকে পাওয়া গেছে।”
ওসি আরো বলেন, “পরিবারের লোকজন ধারণা করছে, সাইকেলসহ গড়িয়ে বাচ্চাটি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস/সায়েম