প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১:৩৫ পিএম

ভারী বর্ষণ ও ফারাক্কা বাঁধের প্রভাবে কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়তে শুরু করেছে। এতে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চল, বিশেষ করে রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।
অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পদ্মার পানি আরও চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, বর্তমানে ৫৭৩ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ১০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানও বন্ধ রয়েছে। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে এর প্রধান শাখা গড়াই নদেও পানি বৃদ্ধি পেয়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানিয়েছেন, প্রতি বছরই এই সময়ে পদ্মার পানি বেড়ে, তবে খুব শিগগিরই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা ১৩.৮০ মিটার; আজ সকালে বিপৎসীমার ১২.৯৪ মিটার পানি প্রবাহিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ