প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১:১৪ পিএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়ি চালকের নামে প্রদত্ত প্লট বরাদ্দ বাতিল করেছে।
মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের সই করা পত্রে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি চালকদের নামের প্লটগুলো নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ করা হয়েছিল। তদন্তে দেখা গেছে, তারা নিজস্বভাবে আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের লিখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে প্লট পেয়েছিলেন।
দুটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে সাময়িক বরাদ্দ বাতিল করার সুপারিশ করে। বরাদ্দ বাতিল হওয়া প্লটগুলোর মধ্যে ৩ কাঠার প্লট রয়েছে ১২ জনের নামে এবং ৫ কাঠার প্লট তিনজনের নামে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ