প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:১৮ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ১১:২০ PM

চিত্রনায়ক ও প্রযোজক জসীমের আজ ৭৫তম জন্মবার্ষিকী। ১৯৫০ সালের ১৪ আগস্ট জন্ম নেওয়া জসীম মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান। দুই যুগ পেরিয়ে গেলেও খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠা জসীম এখনও ভক্তদের মধ্যে সমান জনপ্রিয়।
জসীমের ছোট ছেলে, সংগীতশিল্পী এ কে রাহুল প্রথম আলোকে বলেন, পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনেই তারা বাবার জন্মদিন স্মরণ করেন। তিনি স্মৃতিচারণা করে বলেন, “কাজ শেষে বাবার যখন ফেরার সময় হতো, আমি জামা নিয়ে বাসার নিচে দাঁড়িয়ে থাকতাম। বাবাকে ভীষণ মিস করতাম।” তাঁর প্রিয় জসীমের ছবি হলো ‘জিদ্দী’, যা বারবার দেখার জন্য বাবার কাছে আবদার করতেন।
রাহুল আরও জানান, বাবাকে শেষবার ড্রয়িংরুমে শুইয়ে রাখার দৃশ্য আজও চোখে ভাসে। শৈশবে বাবাকে হারিয়ে তিনি মা নাসরিনের কাছে বেড়ে ওঠেন। জসীমের তিন সন্তান—এ কে সামী, এ কে রাতুল ও এ কে রাহুল—ছোটবেলায় বাবাকে হারান। সম্প্রতি ২৮ জুলাই, জসীমের মেজ ছেলে এ কে রাতুল মারা যান। তাকে বাবার কবরেই দাফন করা হয়।
রাহুল বলেন, “আমাদের পরিবারের জন্মই মানুষকে বিনোদন দেওয়ার জন্য। বাবাও মানুষের ভালোবাসা পেয়েছেন, আমরা ভাইয়েরাও তা পাচ্ছি। আমরা বিপদে পড়লে একে অপরকে সাহায্য করতে ছুঁটে যাই।”
জসীম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন এবং এফডিসিতে তার নামে ‘মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম ফ্লোর’ আছে। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘দোস্ত দুশমন’, ‘মহেশখালীর বাঁকে’, ‘বারুদ’, ‘বাহাদুর’, ‘এক মুঠো ভাত’, ‘গাদ্দার’, ‘দুই রংবাজ’ প্রভৃতি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ