প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:২১ পিএম

সংগৃহীত ছবি
গত ২২ জুন স্বদেশ প্রতিদিন অনলাইনে প্রকাশিত ‘এবার উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার নারী কেলেঙ্কারি ফাঁস করলেন নির্ঝর’ শিরোনামভুক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সাবেক পরিচালক (প্রশাসন) কাজী মাহবুবুর রশিদ।
মাহবুবুর রশিদের নারী কেলেঙ্কারি বিষয় নিয়ে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুক পেজে দেয়া পোস্ট নিয়ে স্বদেশ প্রতিদিন অনলাইন সংবাদটি প্রকাশ করে।
ওই সংবাদ প্রসঙ্গে গত ২২ জুলাই কাজী মাহবুবুর রশিদ স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, তার বিরুদ্ধে আনা পরকীয়া ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
মাহবুবুর রশিদের দাবি, জাওয়াদ নির্ঝর তার পোস্টে তার (মাহবুবুর রশিদ) সঙ্গে যে নারীর ছবি প্রকাশ করেছেন এবং যাকে জাওয়াদ নির্ঝর তার পিওনের স্ত্রী বলে দাবি করেছেন, প্রকৃতপক্ষে তিনি ইসলামী শরিয়া মতে বিয়ে করা মাহবুবুর রশিদের দ্বিতীয় স্ত্রী।
প্রতিবাদলিপিতে মাহবুবুর রশিদ বলেন, “২০২৪ সালের ৬ অক্টোবর আমি মোছা. আফরিন সুলতানা লিয়াকে বিয়ে করি এবং চলতি বছরের ১৩ মে তাকে তালাক দিই। তালাকের নোটিশ পেয়ে লিয়া ও তার মা আমার নামে অসত্য, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য কয়েকজন সাংবাদিককে প্রদান করেন, যা জাওয়াদ নির্ঝরসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে প্রকাশিত হয় এবং জাওয়াদ নির্ঝরকে উদ্ধৃত করে একই ধরনের তথ্য প্রকাশিত হয়েছে। এতে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণের পাশাপাশি আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।”
প্রতিবেদকের বক্তব্য: গত ২২ জুন নিজের ফেসবুক পেজে কাজী মাহবুবুর রশিদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে একটি পোস্ট দেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। স্বদেশ প্রতিদিন অনলাইন মূলত ওই পোস্ট নিয়ে প্রতিবেদনটি তৈরি করে যেখানে অভিযোগগুলো যথাযথ নিয়ম মেনে পোস্টদাতার বরাতে উপস্থাপন করা হয়।