প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:৫০ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে যমুনা সেতু পশ্চিম পাড়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে উভয় পাশে তীব্র যানজট এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবি- স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড করেন। এই কর্মসূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে, যার ফলে ঢাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন আটকা পড়েছিল।
গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়।
এরপরও সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়, যাতে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়। এছাড়া শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনার করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম