প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:৪৫ পিএম

টানা ৬ ঘণ্টা অবরোধের পর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ধীরে ধীরে ঢাকা-উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুনরায় সচল হতে শুরু করেছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের (ডিপিপি) অনুমোদনের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিকেল ৩টার দিকে তারা রেলপথ ছেড়ে দেন, তবে একইসঙ্গে আগামীকাল (১৪ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ একযোগে অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম এলাকায় একযোগে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, ‘বিকেল তিনটা থেকে রেল চলাচল শুরু হয়েছে। তবে টানা ৬ ঘণ্টার অবরোধে ইতোমধ্যে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।’
তিনি বলেন, ‘সকাল ৯টা থেকে টানা ৬ ঘণ্টা অবরোধের কারণে উভয়প্রান্তে ৮টি ট্রেন আটকা পড়ে। এগুলো হলো- ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম