| শিরোনাম: |

প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে অগ্রগতির প্রতিপাদ্য শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় মাগুরা যুব ভবন হলরুমে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শপথ গ্রহণ, আলোচনা সভা, যুব ঋণচেক বিতরণ, প্রশিক্ষণ সনদপত্র প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পারনান্দুয়ালী যুব উন্নয়ন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ রিয়াজুল ইসলাম, এবং পবিত্র গীতা পাঠ করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী সিমলা ঘোষ।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির।
অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল, হেফাজতে ইসলাম জেলা শাখার সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজ্জালা), মাগুরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের শপথ বাক্য পাঠ করান, যেখানে যুবসমাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, দুর্নীতি বিরোধী আন্দোলন এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে যুবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী উদ্যোক্তা মোঃ রকিবুল ইসলাম ও সফল যুব সংগঠক মোছাঃ সাবিনা ইয়াসমিন মেরি।
২০২৪-২৫ অর্থবছরে সেরা আত্মকর্মী, যুব উদ্যোক্তা ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র এবং আত্মকর্মী যুব ঋণপ্রাপ্তদের হাতে চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানের সমাপনীতে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের যুবকদের উদ্দেশ্যে বলেন, “সময় নষ্ট না করে দৃঢ় সংকল্প নিয়ে চাকরির পিছনে ছুটে না থেকে উদ্যোক্তা হতে হবে। মাদক ও নেশা থেকে দূরে থাকতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে জীবনের মান উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ