প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি তার বক্তব্যে সাংবাদিকতাকে সমাজের দর্পণ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি একটি সৃজনশীল ও দায়িত্বশীল পেশা। তিনি আরও যোগ করেন, একজন সাংবাদিকের প্রতিবেদনের কারণে কারও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, তাই বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশ অপরিহার্য। সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই (ফ্যাক্টচেক) করা জরুরি।
প্রফেসর হারুনর রশীদ খান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সাংবাদিকতার সামনে থাকা অপতথ্য ও সম্মানহানির ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাপনীতে উপ-উপাচার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে খুবি সাংবাদিক সমিতির (খুবিসাস) সাবেক সভাপতি একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণার্থীদের অনুভূতি ব্যক্ত করেন ফাহাদ খন্দকার ও অর্পিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাস-এর সাবেক সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার।
এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ