প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:৫০ পিএম

অডিশনের নামে হয়রানির শিকার হওয়ার কথা বহু অভিনেত্রী শেয়ার করেছেন। এবার ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেসমিন বাসিন তাঁর নিজস্ব অভিজ্ঞতা সামনে এনেছেন।
‘দিল সে দিল তাক’, ‘নাগিন ৪’ সিরিজে খ্যাতি পাওয়া জেসমিন তার ক্যারিয়ারের শুরুতেই একটি ভয়াবহ ঘটনার মুখোমুখি হন। দ্য হিমাংশু মেহতা শো-তে সাক্ষাৎকারে তিনি জানান, এক পরিচালক অডিশনের সময় তার সঙ্গে অশোভন আচরণ করেছেন।
জেসমিন বলেন, “অডিশনের জন্য আমি বম্বে গিয়েছিলাম। জুহুর একটি হোটেলে মিটিং ছিল। লবিতে অনেক মানুষ অপেক্ষা করছিলেন, শুটিং টিমের সদস্যরাও ছিলেন। সবাই একে একে ভেতরে যাচ্ছিল। আমার পালা এলে দেখি একজন ব্যক্তি হাতে পানীয় নিয়ে বসে আছেন। তিনি আমাকে অডিশন দিতে বলেন। তখন আমি ভয়ে ভীত হয়ে যাই।”
পরবর্তীতে সেই পরিচালক তাকে একটি দৃশ্য করার নির্দেশ দেন। তিনি বলেন, “তিনি বললেন, ‘তোমার প্রেমিক চলে যাচ্ছে, তাকে থামাতে হবে।’ আমি বললাম, ‘ঠিক আছে স্যার, আমি প্রস্তুতি নিয়ে কাল আসব।’ কিন্তু তিনি বললেন, ‘না, এখনই করতে হবে।’ আমি চেষ্টা করলাম, তবে তিনি দরজা বন্ধ করে দিলেন এবং অন্য কিছু করতে চাইলেন। আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে যাই।”
সেই দিন থেকেই জেসমিন সিদ্ধান্ত নেন যে ভবিষ্যতে কোনো মিটিং কখনো হোটেলের রুমে করবেন না। তবে সাক্ষাৎকারে ওই পরিচালকের নাম প্রকাশ করেননি।
টেলিভিশনের পাশাপাশি জেসমিন পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি তিনি করণ জোহরের রিয়্যালিটি গেম শো ‘দ্য ট্রেইটর্স’-এ অংশগ্রহণ করেন, যেখানে ছিলেন মাহিপ কাপুর, জান্নাত জুবাইর, উরফি জাভেদ, আশিস বিদ্যার্থীসহ অনেকে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
স্বদেশ প্রতিদিন/ আরএফ