আজকে তারেক জিয়া দেশে ফেরার স্বপ্ন দেখতেন না, যদি সারজিস না থাকতো: মুফতী ফয়জুল করীম
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:১৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কিশোরগঞ্জে এক গণসমাবেশে বলেছেন, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক তুহিনকে জীবন দিতে হয়েছে।
তিনি অভিযোগ করেন, সত্য কথা বলায় সারজিসদের বিরুদ্ধে মামলা হচ্ছে, অথচ এই সারজিসরাই বিএনপির নেতাদের জীবন ফিরিয়ে এনেছে এবং নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠিয়েছে।
মুফতী ফয়জুল করীম বলেন, বিএনপির প্রতি তার করুণা হয়, কারণ যারা আগে সাহায্য করেছিল আজ তাদের নিন্দা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে পাথর লুটপাট চললেও পরিবেশ উপদেষ্টা বিষয়টি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং পাথর চোরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া তিনি চাঁদাবাজি, গুণ্ডামি ও কালো টাকার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের অভাবকেও কঠোর ভাষায় নিন্দা করেছেন।
মুফতী ফয়জুল করীম পিআর নির্বাচনের পক্ষে মত প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবের সময় মানুষ শুধু সুষ্ঠু নির্বাচন চাননি, বরং পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও বিচারের দাবি করেছিলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের কথা বলছে না, কেবল নির্বাচন নিয়ে ভাবছে, যা সঠিক নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি ও গুণ্ডামি বন্ধ হবে, ভোটের অধিকার সবাই পাবেন এবং সংসদে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
গণসমাবেশে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। কিশোরগঞ্জ-১ আসনে প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি, কিশোরগঞ্জ-৩ আসনে প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার এবং কিশোরগঞ্জ-৪ আসনে এডভোকেট মো. বিল্লাল আহমেদ মজুমদার।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমাদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ