প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:০১ পিএম

খুলনার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে দেশি তৈরি অস্ত্র ও গুলি এবং ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি আইস মাদক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দুই ঘটনাতেই কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১১ আগস্ট) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ফাঁকা জায়গায় ফেলে রাখা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি উন্নতমানের দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ।
খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুক্ত রায় চৌধুরী জানান, গোপন সূত্রে জানতে পারি পয়গ্রামের বাসিন্দা হাসানুর ফকিরের বাড়ির বাইরে ফাঁকা জায়গায় একটি ব্যাগে অস্ত্র ও গুলি রাখা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ব্যাগ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং স্থানীয়রাও এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে থানা পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে জানা গেছে।
ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, আইস নামের এই মাদক বর্তমানে দেশে অত্যন্ত মূল্যবান ও মারাত্মক আসক্তিজনক একটি মাদকদ্রব্য হিসেবে পরিচিত।
স্বদেশ প্রতিদিন/এমএম