চট্টগ্রামে গভীর রাতে আ. লীগের মিছিল, আটক ১৮
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১:৪৮ AM আপডেট: ১২.০৮.২০২৫ ১১:৫২ এএম

সংগৃহীত ছবি
গভীর রাতে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ মিছিল করে তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়।
এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করছিলেন। পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায়। তার মাথা ও হাতে গুরুতর জখম হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করলে পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। আহত এসআই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।”