প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:২৮ AM

সংগৃহীত ছবি
বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।
বিবিসি ও ক্রিকেট বিশ্লেষণ সংস্থা ক্রিকভিজের যৌথ জরিপে সেরা সাতের শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দ্বিতীয় স্থানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তালিকায় আরও আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি।
জরিপে টুর্নামেন্টগুলোর মান, দর্শক আগ্রহ, ম্যাচের রোমাঞ্চ, গড় রান ও বাউন্ডারি সংখ্যা, পেসার-স্পিনারদের সাফল্য, মাঠের দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা বিবেচনা করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও আগ্রহও ছিল মূল্যায়নের অংশ।
২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল একসময় আইপিএলের পরই ছিল আলোচনায়। পিএসএল ও সিপিএলের আগেই শুরু হলেও মানোন্নয়নের বদলে উল্টো পথে হাঁটতে থাকে টুর্নামেন্টটি। ফিক্সিংয়ের কলঙ্ক, তারকা ক্রিকেটারদের অনীহা, সময়সূচীর অনিয়ম, সম্প্রচারে আন্তর্জাতিক মানের ঘাটতি ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বেচ্ছাচারিতায় ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়েছে বিপিএল।
তবে সামনে ১২তম আসরকে ঘিরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি, বাড়ানো হচ্ছে ভেন্যুর সংখ্যা এবং আনা হবে বেশ কিছু পরিবর্তন। এখন অপেক্ষা—দর্শকের আস্থা ও প্রত্যাশা কতটা ফিরিয়ে আনতে পারে বিপিএল।