প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১২:৫৫ পিএম

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখা, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহ সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সাংবাদিক সমিতির জেলা সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির এবং সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার মতো নৃশংসতা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এছাড়াও, এদিন বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।