
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (১০ আগস্ট) বাংলামোটরে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এছাড়া বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের যুব সংগঠনের নেতারা অংশগ্রহণ করবেন।
যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, যুবদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন থেকে যুব পরিকল্পনা ও গাইডলাইন পেশ করা হবে।
অ্যাডভোকেট তারিকুল ইসলাম জানান, দেশের প্রতিটি জেলা থেকে যুবশক্তির নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। সম্মেলনে উন্মোচন করা হবে যুব ইশতেহার, যা হবে সবার জন্য মর্যাদা, সমান সুযোগ, সৎ নেতৃত্ব ও জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি নিয়ে।
সম্মেলনের শেষে অংশগ্রহণকারীরা নেবেন ঐক্যবদ্ধ যুব শপথ, যেখানে প্রতিজ্ঞা করা হবে, ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণের আস্থা ও সম্পদ কখনো অপব্যবহার করা হবে না।
সংবাদ সম্মেলনে যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী, যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মোস্তফা, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।