প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:৩১ AM

ভারতের পশ্চিমবঙ্গ, অরুণাচল ও মেঘালয় অঞ্চলে টানা ভারী বৃষ্টির প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (৯ আগস্ট) বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে এ তথ্য।
এর ফলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
সুত্রে জানা যায়, একই সাথে ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এছাড়া সুরমা-কুশিয়ারা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও আগামী তিনদিনে বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছার সম্ভাবনা রয়েছে। গঙ্গা ও পদ্মা নদীর পানিসমতলও বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করবে, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। সাময়িকভাবে নিম্নাঞ্চলে প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম