প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:২০ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ১০:৩৩ PM

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন বলেছেন, ‘গণঅভ্যূত্থানের নেপথ্যের নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তার নির্দেশেই রাজপথে নেমেছিলাম। আন্দোলন করেছিলাম। অবৈধ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে ঘরে ফিরেছি। ওই আন্দোলনে জুলাই যোদ্ধাদের অবদান বিএনপি ও দেশের মানুষ স্মরণ করবে।’
শনিবার (৯ আগস্ট) ভোলা সদর পশ্চিম ইলিশা ইউনিয়নে ‘জুলাই যোদ্ধা শহীদ মাইনুদ্দিন বয়াতীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্রনেতা কাজী মোখতার হোসাইন বলেন, ‘দেশকে স্বৈরাচার মুক্ত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন করা হয়। এই ধারাবাহিক আন্দোলনকে সফল হয় ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে। ভারতে পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। কিন্তু, এই আন্দোলনে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন। অনেক সন্তান তার বাবাকে হারিয়েছেন। অনেক বোন তার স্বামীকে হারিয়েছেন। আবার অনেকেই আহত হয়েছেন। অনেকেই এখনো চিকিৎসাধীন রয়েছেন। অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।’
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘যাদের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হবে। তাদের পরিবারকেও মুল্যায়ন করা হবে। বিএনপি ক্ষমতায় এলে তাদের জন্য স্থায়ীভাবে অনেক কিছু করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএ/ওফ