প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:২৫ পিএম

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। একই দিন গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
তারা দ্রুত তুহিন হত্যার বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হকসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
এদিকে একই দাবিতে শনিবার সকাল ১১টায় লামা উপজেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ‘সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড গণমাধ্যমের জন্য একটি গভীর শঙ্কার বার্তা। দ্রুত বিচার না হলে এ ধরণের ঘটনা আরও বাড়বে।’
তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম