প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:১৬ AM

গজারিয়ায় পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১
গজারিয়া উপজেলার ষোলআনী এলাকায় ১টি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ শাহ আজিজুর রহমান পলাশকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (৯ আগষ্ট) ভোর আনুমানিক ৫টায় যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “পলাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
গজারিয়া নৌপুলিশের ইনচার্জ শরজিত কুমার ঘোষ জানান, শ্যুটার মান্নান হত্যা মামলার এজাহার নামীয় আসামী জুয়েল তার ষোলআনী গ্রামের বাড়িতে অবস্থান করছে—এ খবর পেয়ে গজারিয়া থানা ও নৌপুলিশের যৌথ একটি দল অভিযান চালায়।
অভিযানের সময় জুয়েল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তার বাড়ি থেকে পলাশকে আটক করা হয়। এছাড়া পলাশের হেফাজতে থাকা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, পলাশ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই স্থানীয় দুটি সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তার ও কালীপুরা এলাকা সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালু মহালে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে সংঘর্ষের সময় প্রতিপক্ষ দলের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় গজারিয়া থানার শ্যুটার মান্নানের স্ত্রী সুমি আক্তারের দায়ের করা মামলার এজাহার নামীয় ১৫ নম্বর আসামী ষোলআনী গ্রামের শহিদুল্লাহ প্রধানের ছেলে সন্ত্রাসী জুয়েল।