প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:১৮ পিএম

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে এই কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।
প্রচণ্ড প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল-আমিন।
বক্তব্য রাখেন: আলম সারোয়ার টিটু (নিউ নেশন), সাইফউদ্দিন আহমেদ লেনিন (বাংলাদেশ প্রতিদিন), শফিক আদনান (কালের কণ্ঠ, এটিএন নিউজ), তাফসিলুল আজিজ (প্রথম আলো), বিজয় রায় খোকা (মাছরাঙা), আবু তাহের (সংবাদ), শাহজাহান সাজু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শামসুল আলম শাহীন (ডেসটিনি), এছাড়াও অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
সাংবাদিকরা বলেন, ‘দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলেও সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বারবার সাহস পেয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রুখতে এখনই রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম