প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১:৩২ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ১:৩৬ PM

সংগৃহীত ছবি
চাল ও গম মিলিয়ে বর্তমানে দেশে মোট ২১ লাখ ৩১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি গুদামে ১৯ লাখ ৫৪ হাজার মেট্রিক টন চাল এবং ১ লাখ ৭৭ হাজার মেট্রিক টন গম মজুত রয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত ৫ লাখ মেট্রিক টন চাল ও ৪ লাখ মেট্রিক টন গম আমদানির পরিকল্পনাও রয়েছে সরকারের।
চলতি অর্থবছরে (২০২৪-২৫) সরকারিভাবে সংগ্রহ করা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ধান ও ১৯ লাখ ৬৭ হাজার মেট্রিক টন চাল। আগের বছরের তুলনায় এই পরিমাণ যথাক্রমে ২ লাখ ৬১ হাজার ও ২ লাখ ২ হাজার মেট্রিক টন বেশি।
এই অর্থবছরে মোট ৩৩ লাখ ৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে জানায় মন্ত্রণালয়। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এবার সরকারি বিতরণ বেড়েছে প্রায় ৪৪ হাজার মেট্রিক টন।
এছাড়া সরকারি খাতে গম আমদানির উৎস বৈচিত্র্যকরণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বুলগেরিয়া ও ইউক্রেন থেকে গম আনা হয়েছে। পরবর্তী অর্থবছরেও এসব দেশ থেকে আমদানির পরিকল্পনা রয়েছে।
খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উভয় খাতেই আমদানি বাড়ানো হয়েছে। এ বছরের ডিসেম্বর পর্যন্ত খাদ্যশস্য মজুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টনের বেশি।
বর্তমানে সরকারি খাদ্যশস্য সংরক্ষণের ক্ষমতা ২৩ লাখ ৮৮ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। মধুপুর, বরিশাল, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে ৪টি আধুনিক সাইলো নির্মাণের ফলে এ সক্ষমতা বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই ধারণক্ষমতা ২৬ লাখ ৮৪ হাজার মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।
স্বদেশ প্রতিদিন/ এমএএম