প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:৫৮ AM আপডেট: ০৭.০৮.২০২৫ ৯:০১ এএম

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ড ভ্রমণ ভিসার ফি বাড়ানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ভিসা ফি কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসার ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতায় থাকবেন। তবে ১ সেপ্টেম্বরের পর থেকে সব আবেদনকারীকেই নতুন ফি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩ হাজার ৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭ হাজার ২০০, ট্যুরিস্ট ভিসার ফি ৪ হাজার ৫০০ টাকা আর মাল্টিপল ট্যুরিস্ট ভিসার ফি ২২ হাজার ৫০০। এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি ২২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৬ হাজার ৮০০ টাকার মধ্যে।
এদিকে, ১ সেপ্টেম্বর থেকে নতুনভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে পারবেন।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে এবং একবারে পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয়। জমা হওয়া কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।
সূত্র: রয়েল থাই এম্বাসি
স্বদেশ প্রতিদিন/এমএম