প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:৩২ পিএম

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৮ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতরের বুধবার (৬ আগস্ট) প্রকাশিত নিয়মিত বুলেটিন অনুযায়ী, নতুন তিন মৃত্যুসহ ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৯২ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসের প্রথম ছয় দিনেই প্রাণ গেছে ৯ জনের।
মারা যাওয়া তিনজনের মধ্যে একজন রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুজনের একজন চট্টগ্রাম বিভাগে এবং অন্যজন রাজশাহী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১১ জন, যাদের মধ্যে প্রাণ হারান ৫৭৫ জন। এটি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যথাক্রমে দেশের ইতিহাসে তৃতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা শেষে জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর সংক্রমণ হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তাঁরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ