
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়ে বলেছেন, মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে।
আজ বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির বিজয় শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন
মতভেদ থাকবে। সেই ভিন্নমত নিরসনে আমাদের মধ্যে আলোচনা হবে। কিন্তু জাতীয়
ইস্যুতে, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না
হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রয়োজন,
প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি, ধর্ম, দর্শন, মত যার যার। রাষ্ট্র আমাদের সবার।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘নাগরিকদের কাছে আহ্বান রাখছি, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না।”
ভোটের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল। গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমন হয়েছিল।”
গণতন্ত্র ও দেশের জনগণের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘চব্বিশের আন্দোলনের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে, ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আর কোনো রক্তাক্ত চব্বিশ আমাদের দেখতে হবে না।’’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সালাহ উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির আমিনুল হক বক্তব্য রাখেন।
এছাড়া র্যালীতে বিএনপির আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, শাহজাদা মিয়া, লুৎফুজ্জামান বাবর, খায়রুল কবির খোকন, হাবিব উ্ন নবী খান সোহেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম সহ কেন্দ্রীয়, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর নয়াপল্টেনে বিএনপি বিজয় র্যালিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। কর্মসূচি ঘিরে ঘণ্টা দেড়েক আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।
এদিন বিএনপির অনেক নেতাকর্মীরা মাথায় নানা রঙের ক্যাপ পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা হাতে মিছিল নিয়ে নয়াপল্টনে হাজির হয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও আসেন অনেকে। এতে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে বিএনপি ছাড়াও আজ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। বিজয় র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।