
‘আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি’- এমন মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘কেউ যদি ২০২৪-এর এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানী ঢাকায় গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘২০২৪ এর জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থীদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব।’
খেলাফত মজলিস ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক ও মাওলানা মিজানুর রহমান মিসবাহ’র যৌথ পরিচালনায় সমাবেশ ও র্যালি সম্পন্ন হয়।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসাসহ অন্য নেতারা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র্যালি-পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।
সমাবেশ-পরবর্তী র্যালিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার রাজপথে এক জাগরণী পরিবেশ সৃষ্টি হয়।
ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একই কর্মসূচির আওতায় বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে:
সিলেট: রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় বিজয় র্যালি। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী।
চট্টগ্রাম: দামপাড়া ওয়াসা মোড় থেকে জিইসি মোড় হয়ে ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয় র্যালি।
নারায়ণগঞ্জ: চাষাড়া কেন্দ্রীয় ঈদগাহ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর: আলিপুর কবরস্থান মসজিদ থেকে শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত র্যালি শেষে সমাবেশ হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির শাহ আকরাম আলী।
এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর, রংপুর, গাজীপুর, খুলনা, হবিগঞ্জ, মাগুরা, নাটোর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, দিনাজপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, চাঁদপুর, গাইবান্ধা, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, নেত্রকোনা, জামালপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, ফেনী, নোয়াখালী (দক্ষিণ), ভৈরব, বাহুবল, শ্রীপুর, দিরাই, মুলাদী, বরুড়া, নাঙ্গলকোটসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম