প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:৫২ পিএম

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে পালিত হয়েছে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
প্রথমে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে একে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল এবং শহীদ পরিবারের সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে শহরের কলেজ মোড়ে শহীদ মাহবুব চত্বরের উদ্বোধন করেন জেলা প্রশাসক। একইসঙ্গে জেলা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় ‘জুলাই শহীদ পরিবার সম্মিলন’। সেখানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহারসামগ্রী বিতরণ করা হয়। আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হয় একটি সংক্ষিপ্ত নাটিকা—‘জুলাই ৩৬’, যা ওই অভ্যুত্থানের ঘটনাবলি তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ