প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:২৫ AM

সংগৃহীত ছবি
রাজধানীর গুলশান-১ এর নিকেতন সোসাইটি এলাকা থেকে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল রবিবার (৩ আগস্ট) ডিএমপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিবি জানায়, লিয়াকত আলীকে বিএনপির পল্টন অফিসে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি, তিনি ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলারও আসামি।
একই রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ঝালকাঠির কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজীকেও গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, “৩ আগস্ট সন্ধ্যা ৯টা পর্যন্ত আমরা লিয়াকত আলী গ্রেপ্তার হওয়ার বিষয়ে কোনো কাগজপত্র পাইনি। তবে বিস্ফোরক আইনের মামলায় তিনি আমাদের থানায় আসামি।”
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার হওয়া নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয় ছিলেন। এই অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে আরও ২১ জন নেতাকর্মীকেও আটক করা হয়েছে।
জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, “যারা নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রশাসন এখনও নিষ্ক্রিয় কেন, তা বোধগম্য নয়। সব অপরাধীর বিচার চাই।”