প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত আবারও প্রমাণ করলেন—বয়স শুধু একটি সংখ্যা! ৭৪ বছর বয়সেও তাঁর উপস্থিতিই যথেষ্ট ভক্তদের মাতিয়ে তুলতে। পরিচালক লোকেশ কঙ্গরাজের নতুন ছবি ‘কুলি’র ট্রেলার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
গতকাল রাতে মুক্তি পাওয়া ট্রেলারটি মাত্র ৩ মিনিট ২ সেকেন্ড দীর্ঘ হলেও, তাতেই বাজিমাত করেছেন রজনীকান্ত। সিনেমার গল্প গড়ে উঠেছে স্বর্ণ পাচারকে ঘিরে, যেখানে একজন ‘কুলি’র অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ট্রেলার শুরু হয় একটি মনোলগ দিয়ে: ‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’ এর মধ্য দিয়েই রহস্যময় ও থ্রিলারধর্মী আবহ তৈরি হয়। এরপর একে একে পর্দায় হাজির হন তারকারা—ক্যামিও চরিত্রে আমির খান, দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা ও সত্যরাজ, আর কেন্দ্রবিন্দুতে আছেন একজন ‘কুলি’—রজনীকান্ত।
ট্রেলারের এক চরিত্র জানায়, ১৪ হাজার কুলির ভিড়ে সে খুঁজছে একজন বিশেষ কুলিকে। ঠিক তখনই অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুরে আবির্ভূত হন রজনীকান্ত—এক সময়ের ভয়ংকর স্বর্ণ পাচারকারী, যিনি ফিরে পেতে চান নিজের হারানো সম্মান।
ট্রেলার প্রকাশের পর ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একজন ভক্ত লিখেছেন, ‘রজনীকান্ত দেখিয়ে দিলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি।’ আরেকজন বলেন, ‘লোকেশ আর রজনীকান্ত একসঙ্গে মানেই নতুন রেকর্ডের ইঙ্গিত।’
৩৫০ কোটি রুপি বাজেটের এই ছবির শুটিং শুরু হয় ২০২৪ সালের ৫ জুলাই এবং শেষ হয় ২০২৫ সালের ১৭ মার্চ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কুলি’।
রজনীকান্ত ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ