প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৫৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে স্বামীকে টাকা দিতে চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকির জেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন শাহিনুর আক্তার শানু (৩০) নামের এক গৃহবধূ।
রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শানু ওই গ্রামের মৃত কাসেম মিয়ার মেয়ে এবং গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে ইউসুফ ওরফে লবার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬-৭ বছর আগে লবা ও শানুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শানু তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে স্বামীর হাতে টাকা তুলে দেন। তবে পারিবারিক কলহের কারণে তাদের বিচ্ছেদ ঘটে এবং শানু পিত্রালয়ে ফিরে আসেন।
সম্প্রতি তাদের মধ্যে পুনরায় যোগাযোগ শুরু হলে তারা আবারও সংসার গড়ার চেষ্টা করেন। কিন্তু সংসার জোড়া লাগার কিছুদিনের মধ্যেই স্বামী লবা শানুকে আবার তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়, এবং লবা তাকে প্রাণনাশের হুমকি দেন বলে জানা গেছে।
পরদিন রোববার সকালে শানু রাগ ও দুঃখে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে শানুর মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম