প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:৪৮ পিএম

সংগৃহীত ছবি
পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে সারা দেশের ক্যাডারদের জড়ো করে প্রশিক্ষণ দিচ্ছে। যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
আজ শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এস এম জিলানী বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে জনগণের ওপর পাথরের মতো বসেছিল। দেশে বাকস্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি।”
তিনি আরো বলেন, “ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে তার জন্য তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।”
নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম জি মাসুম রাসেল ও ড. মফিদুল আলম খান।