
আত্মহত্যা একটি গভীর সামাজিক ও মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত সংকট, যা মুসলিম সমাজেও দিন দিন প্রকট হয়ে উঠছে। এটি শুধু ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং একটি আধ্যাত্মিক ও সামাজিক চ্যালেঞ্জ। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহানুভূতি এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
কানাডার প্রখ্যাত মুসলিম পণ্ডিত শেখ আজহার নাসের বলেছেন, “আত্মহত্যা নিয়ে আলোচনা করার ধরন আমাদের পাল্টাতে হবে। ইসলামে আত্মহত্যার বিষয়ে স্পষ্ট বার্তা রয়েছে, তবে একইসঙ্গে আমাদের ভাবতে হবে—কীভাবে মুসলিম সমাজে এই সমস্যা প্রতিরোধ করা যায়।”
কুরআনে বলা হয়েছে, “আল্লাহ কাউকে তাঁর সাধ্যের বাইরে বোঝা চাপান না” (সুরা বাকারা, আয়াত: ২৮৬)। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের কঠিনতম সময়েও আল্লাহর করুণা আমাদের সঙ্গে আছে।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন Muslim Youth Helpline-এর ২০২১ সালের এক জরিপে দেখা গেছে:
• ৩২% মুসলিম আত্মহত্যার চিন্তা করেছেন
• ৪০% মনে করেন, প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ নেই
• ৩৭% তরুণ (১৯-২২ বছর) তাঁদের মানসিক সমস্যা গোপন রাখেন
• ২৭% আত্মহত্যার ঘটনা শোনার অভিজ্ঞতা রয়েছে
• ৩% নিজেরাই আত্মহত্যার চেষ্টা করেছেন
এই তথ্যগুলো স্পষ্ট করে দেয়—মুসলিম সমাজেও আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু।
আত্মহত্যা প্রতিরোধে করণীয়
১. পুণ্যের ওপর আলোকপাত
ইসলাম আত্মহত্যাকে নিষিদ্ধ ঘোষণা করেছে: “তোমরা নিজেদের হত্যা কোরো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু” (সুরা নিসা, আয়াত: ২৯)। তবে কেবল পাপের ভয় দেখিয়ে নয়, বরং আল্লাহর রহমত, ভালোবাসা ও ক্ষমার বার্তা দিয়েই হতাশ ব্যক্তিকে সাহস জোগাতে হবে।
২. লক্ষণ শনাক্ত
ব্যক্তির আচরণ, আবেগ বা কথাবার্তায় পরিবর্তন দেখা গেলে তা হতে পারে মানসিক সংকটের লক্ষণ। “তুমি কেমন আছ?”—এই সাধারণ প্রশ্নটিই কারও জীবন বাঁচাতে পারে।
৩. মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ
সব সময় আত্মহত্যার সংকেত স্পষ্ট নয়। তাই পরিবারের সদস্য, বন্ধু বা মসজিদ কমিউনিটির নেতা—সবার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত প্রাথমিক প্রশিক্ষণ নেওয়া জরুরি। মুসলিম সংগঠনগুলো এ বিষয়ে উদ্যোগ নিতে পারে।
৪. মনোযোগ দিয়ে শোনা
ভুক্তভোগীর কথা মনোযোগ দিয়ে শুনুন। বিচার না করে, বাধা না দিয়ে, তাঁদের অনুভূতিগুলো গ্রহণ করুন। কখনো কখনো শ্রবণই সবচেয়ে বড় সহায়তা।
৫. সহায়তার প্রশ্ন করুন
উপদেশ না দিয়ে জিজ্ঞেস করুন, “আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি?” এতে ভুক্তভোগী নিজেকে মূল্যবান ও নিয়ন্ত্রণে মনে করবেন।
৬. ধর্মীয় আশ্বাস, ভয় নয়
আল্লাহর দয়া ও ভালোবাসার কথা মনে করিয়ে দিন। জাহান্নাম বা শাস্তির ভয় না দেখিয়ে বরং আশ্বাস দিন—আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন এবং তিনি জানেন কে কতটা কষ্টে আছে।
মুসলিম সমাজে আত্মহত্যার বর্তমান চিত্র
যুক্তরাষ্ট্রে ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, মুসলিম সম্প্রদায়ে আত্মহত্যার চেষ্টার হার প্রায় ৮%, যা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর চেয়ে দ্বিগুণ। এর কারণ হতে পারে ইসলামোফোবিয়া, সামাজিক বৈষম্য, এবং মানসিক স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশ, কুয়েত ও সিরিয়ায় আত্মহত্যার হার সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। বিশেষ করে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি।
আত্মহত্যা প্রতিরোধে আমাদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শুধু পাপের ভয় দেখিয়ে নয়, সহানুভূতি, সহানশীলতা ও ব্যবহারিক সহায়তার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি।
নবী করিম (সা.) বলেছেন, “দয়া ঈমানের লক্ষণ, আর যার মধ্যে দয়া নেই, তার ঈমান নেই।” (সহিহ মুসলিম, হাদিস: ২৯৩০)
সূত্র: The Muslim Vibe
স্বদেশ প্রতিদিন/ আরএফ