প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:১৪ পিএম

প্রতীকী ছবি
রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিম পাড়া (গয়েশপুর) গ্রামে বাক্ প্রতিবন্ধী এক নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী নিফুল মিয়ার বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বামী রফিকুল ইসলাম মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভুক্তভোগী নারীকে চিকিৎসা শেষে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রংপুরে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাক্ প্রতিবন্ধী ওই নারী স্বামী-সন্তানদের অনুপস্থিতিতে বাড়িতে একা ছিলেন। এ সুযোগে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নিফুল মিয়া (৪১) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ওই নারী ইঙ্গিতে দেবরের স্ত্রীর কাছে ঘটনা প্রকাশ করেন। স্বামী রফিকুলকে ফোনে জানালে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন।
স্থানীয়দের দাবি, নিফুল আগে থেকেও নারীদের সঙ্গে অসদাচরণ করেছেন। কেউ কেউ জানান, ধর্ষণের সময় ওই নারী প্রতিরোধের চেষ্টা করায় তাকে আঘাত করে অজ্ঞান করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন এবং শারীরিক অবস্থা থেকে নির্যাতনের প্রমাণ মেলে।
অভিযুক্ত নিফুল মিয়া ঘটনার পর থেকেই পলাতক। তার ভাতিজা রুমন স্বীকার করেন, “নিফুল চাচা একজন খারাপ মানুষ। ঘটনার পর থেকে লুকিয়ে আছে।”
সংবাদকর্মীদের উপস্থিতিতে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন এবং নিফুলের অতীত অপকর্মের বিবরণ তুলে ধরে তাকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) হাফিজুর রহমান বলেন, “ঘটনার রাতেই মামলা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা শেষে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”