প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:৫৯ পিএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি তার সঙ্গে সকল পর্যায়ের নেতা-কর্মীকে সাংগঠনিক সম্পর্ক ছিন্নের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চার নেতা হলেন সাবেক সহ-সভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার এবং অপু চৌধুরী আকাশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, “সৌরভ প্রিয় পালকে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিস দখলের চেষ্টা ও হামলার ঘটনায়। এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে