প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৪৪ পিএম

দাম কমে যাওয়ায় অনেকটাই ভাটা পড়েছিল চাটমোহরে পাট চাষে। সম্প্রতি বছরগুলোতে আবারও ভালো দাম পাওয়ায় পাট চাষে আগ্রহ তৈরি হয়েছে পাবনার চাটমোহরের কৃষকের মাঝে।
চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমান জমিতে পাটের আবাদ হয়েছে চাটমোহর উপজেলায় ১১ টি ইউনিয়নের বিভিন্ন বিলে। আবহাওয়া অনুকূল থাকায় এবছর পাটের বাম্পার ফলনের আশা জেগেছে চাষিদের মাঝে। এতে সোনালি আঁশ খ্যাত এ পাট ঘিরে স্বপ্ন বুনন শুরু হয়েছে কৃষকের মাঝে।
পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে , এবছর খরিপ-১ মৌসুমে চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন বিলে ৮ হাজার ৯'শ ৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবাদ বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর জমিতে। সরকারের পক্ষ হতে পাট চাষে উৎসাহিত করতে উপজেলায় ১১'শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। বপন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সম্পূরক সেচে কৃষকের খরচ বৃদ্ধি পাইনি। তাছাড়া আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকায় রোগ-পোকার আক্রমণও কম হয়েছে। কৃষি বিভাগ মনে করছে, দাম ভাল পেলে লাভের মুখ দেখবে চাটমোহরের পাট চাষীরা। ভবিষ্যতে আরো অধিক জমিতে পাটের আবাদ হবে।
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাথিয়াকয়ড়াপাড়া বালুদিয়ার গ্রামের পাটচাষী জিয়ারুল হক জানান, তিনি গত বছর ৫ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। মোটামুটি দাম পাওয়ায় লোকসান হয়নি। এবছর ৮ বিঘা জমিতে তিনি পাটের আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে, ন্যায্য দাম পেলে ভাল লাভ হবে।
মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের পাটচাষী তোজাম্মেল হোসেন জানান, ৬ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন তিনি। পাট চাষে উঁচু এলাকার কৃষকের সবচেয়ে বড় সমস্যা হয় পাট জাগ দেওয়া নিয়ে। অনেক সময় দূরে পাট জাগ দিতে নিয়ে যাওয়ায় খরচ বেড়ে যায়। তবে এবছর বর্ষা আগে শুরু হওয়ায় জাগ দেওয়ার পানির সমস্যা হচ্ছে না। আশা করছি দাম ও ফলন দুটোই ভালো পাবো। আমরা স্বপ্ন দেখছি পাট চাষ আমাদের মত কৃষকদের সুদিন ফিরাবে।
চাটমোহর উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান স্বদেশ প্রতিদিন কে বলেন, পাট চাষে সুদিন ফিরেছে চাটমোহরের কৃষকদের মাঝে। সরকার পাট চাষে প্রণোদনা সহায়তা প্রদান করায় কৃষকরা উপকৃত হয়েছে। পাটজাত পণ্য ব্যবহার উৎসাহিত করায় পাটের কদর বেড়েছে। সেই সাথে বেড়েছে বাজার মূল্য। কৃষকরা যাতে কাঙ্খিত মূল্য পায় সেজন্য বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ স্বদেশ প্রতিদিন কে জানান, চাটমোহরে দিন দিন পাট চাষ বৃদ্ধি পাচ্ছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করার মাধ্যমে উন্নত জাতের পাট চাষ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, কৃষকরা ভালো ফলন পাচ্ছে ভালো দাম পাওয়া নিশ্চিত করা গেলে চাষীদের পাট চাষে আগ্রহ বাড়বে। সেই সাথে চাষিরা লাভবান হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে