প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:০৯ AM আপডেট: ২৯.০৭.২০২৫ ৯:১১ এএম

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর দায়ে এক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধের প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তি ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, হজযাত্রী চিৎকার করে বলছেন, ‘গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলমানরা!’ ঠিক তখনই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যায়।
সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ ও ওমরাহ পালনকালে রাজনৈতিক স্লোগান, পতাকা কিংবা প্রতীক প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে ইবাদতের পরিবেশ অক্ষুণ্ণ থাকে।
তবে সমালোচকরা বলছেন, ‘এই নীতির আড়ালে সৌদি সরকার মুসলিম বিশ্বের ফিলিস্তিনপন্থী কণ্ঠগুলো দমন করছে। মুসলমানদের হৃদয়ে গভীরভাবে থাকা ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো এখন সেখানে শাস্তিযোগ্য অপরাধে পরিণত হয়েছে বলেও অনেকে মনে করছেন।’
এর আগেও ২০২৩ সালে এক ব্রিটিশ হজযাত্রীকে শুধু ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ গলায় পরার কারণে আটক করা হয়।
গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং মানবিক সংকটের মধ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মুসলিম বিশ্বে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিন প্রশ্নে সৌদি সরকারের অবস্থান নিয়ে এখন আরও বেশি প্রশ্ন উঠছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
স্বদেশ প্রতিদিন/এমএম