প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম

নরসিংদীর বেলাব উপজেলায় লেডিস স্যান্ডেলের ভেতরে লুকানো ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
আটক নারী হলেন জুলেখা (৫০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিমপুর গ্রামের মৃত আবুল কাসেমের স্ত্রী।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই (শুক্রবার) দুপুরে ডিবির একটি দল উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি চায়ের দোকান থেকে সন্দেহভাজন জুলেখাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লেডিস স্যান্ডেলের ভেতর থেকে কৌশলে লুকানো অবস্থায় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জুলেখা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আর এফ