প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর চাপের মুখে স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছে ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শনিবার (২৬ জুলাই) দুপুরে তারাব পৌরসভার মৈকুলী বাজার এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে তারা এ অঙ্গীকার করেন।
মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার শপথ গ্রহণ করেন—মৈকুলী এলাকার হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভূঁইয়ার ছেলে শ্যামল মিয়া, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল মিয়া এবং সায়েদ আলীর ছেলে আলম মিয়া।
স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে মৈকুলীসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকের খুচরা ও পাইকারি বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে সম্প্রতি এলাকাবাসী একত্র হয়ে ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়।
গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, মৈকুলীতে আর কোনো মাদক ব্যবসায়ীকে সহ্য করা হবে না। পরদিন শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এতে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে এলাকাবাসীর উপস্থিতিতে সাতজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন। তারা বলেন, “আমরা স্বীকার করছি—মাদক বিক্রিতে পুলিশের মাসোয়ারা দিয়েই ব্যবসা চালাতাম। এখন এলাকাবাসীর চাপে অঙ্গীকার করছি, আর মাদক ব্যবসা করব না। যদি করি, তাহলে পুলিশে আমাদের সোপর্দ করা যাবে।”
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “মাদক রোধে এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। তবে এ সময় যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
পুলিশের মাসোয়ারা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাও অভিযোগ করে লাভ নেই।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ