প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯:৩৭ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৯:৪০ PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮ টায় উপজেলার চুলাশ (উখারী) বাজার ঈদগাঁয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে হাজার হাজার মানুষ।
এর আগে দুপুর ১টা পঞ্চাশ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। পরে সন্ধ্যা ৭ টায় দিকে মরদেহ অ্যাম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট থেকে উপজেরার চুলাশ (উখারী) গ্রামে আনা হয়। এ সময় শত শত উৎসব মানুষ বাড়ির সামনে ভিড় করে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
নিহত মাহতাবের মামা শাহিন মাহমুদ জানান, আমার একমাত্র ভাগনে মারা যাওয়ায় আমরা বাকরুদ্ধ কথা বলার মতো ভাষা নেই, আপনারা মাহতাবের জন্য দোয়া করবেন। আমার ভাগনে একাই মারা যায়নি একটা বিমানের কারনে অনেক মানুষ মারা গিয়েছে, যা মেনে নেওয়া যায় না। এ দুর্ঘটনার জন্য রাষ্ট্রদায়ী, আমি আশা করবো আগামী দিনে যেন এমন ঘটনা না ঘটে।
মাহতাবের ফুফাতো ভাই নাঈম বলেন, “মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা হসপিটালে ছুটে যাই, মাহতাব ৪ দিন আইসিওতে থেকে আজ মহান আল্লাহর ডাকে চলে গেছে। মাহতাব আমার ছোট বেলার খেলার সাথী, তার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যা কখনো ভুলতে পারবো না।”
মাহতাবের জানাজার নামাজে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার সর্বস্তরের মুসলমান অংশগ্রহণ করে।