প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি
রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সকল আরোহী প্রাণ হারিয়েছেন। বিমানে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ মোট ৪৯ জন ছিলেন, যাদের মধ্যে শিশু ছিল পাঁচজন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে বিমান দুর্ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি আট সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে গভীর জঙ্গলের মাঝে ঘন ধোঁয়ায় মোড়া বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ নিশ্চিত করেছেন, দুর্ঘটনাস্থলটি একটি দুর্গম বনাঞ্চলে, যেখানে অনুসন্ধানের সময় উদ্ধারকারীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান। সেখানে এখনো বিমানের ফিউসেলাজে আগুন জ্বলছিল।
দুর্ঘটনার খবর পাওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জরুরি বিভাগের একাধিক হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে।
উল্লেখ্য, সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্স পরিচালিত আনটোনভ-২৪ মডেলের বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে এটি রাডার থেকে নিখোঁজ হয়ে পড়ে।