প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯:৫৬ AM

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভ্যাপসা গরমও কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ষাকালে বিরল কুয়াশার দেখা মিলেছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অঞ্চলটি কুয়াশায় ঢাকা ছিল। পথচারী ও যানবাহন চালকরা হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে বাধ্য হন। ফসলের পাতায় জমে শিশির, যা এলাকাবাসীর কাছে বর্ষাকালের শীতলতা নিয়ে আশ্চর্য অনুভূতির জন্ম দিয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও বাতাসে ধুলার পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশার সৃষ্টি হয়েছে। যদিও এটি অস্বাভাবিক নয়, তবে বর্ষায় এমন দৃশ্য অত্যন্ত বিরল।
গতকাল বুধবার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
স্বদেশ প্রতিদিন/এমএম