প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৪১ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ১০:০৮ PM

যশোরের সদর উপজেলার কোদালিয়া বাজারে যাত্রীবাহী বাসচাপায় মারিয়া সুলতানা নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত মারিয়া (১৩) লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মারিয়া স্কুলে যাওয়ার জন্য কোদালিয়া বাজারে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় মাগুরাগামী একটি লোকাল বাসে ওঠার চেষ্টা করলে চালক তাড়াহুড়ো করে বাস চালিয়ে দেয়। এতে বাসের পেছনের চাকা মারিয়ার কোমরের ওপর দিয়ে চলে যায়। তার শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বেলা ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বাসটি ভাঙচুর করে এবং যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু করে। এতে উভয় পাশে যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, যশোর-মাগুরা রুটের লোকাল বাসগুলোতে দীর্ঘদিন ধরে টিকিট বিক্রি নিয়ে হয়রানি, অতিরিক্ত গতি এবং নিরাপত্তার অভাব রয়েছে। তাদের অভিযোগ, চালক ও হেলপারদের অসচেতনতা ও তাড়াহুড়োর কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।
তারা আরও জানান, প্রশাসন যদি দ্রুত তাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না করে, তবে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ